আবারও ময়লার গাড়ির বলি হলো একটি প্রাণ। এবার রাজধানীর ওয়ারী থানার রাজধানী সুপার মার্কেটের সামনে দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির। নিহিত ব্যক্তির নাম স্বপন কুমার সরকার (৬২)।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওয়ারী থানার ডিউটি অফিসার উজ্জ্বল হোসেন।
তিনি বলেন, ভোরে রাজধানী সুপার মার্কেটের সামনের রাস্তায় মৃত অবস্থায় পড়ে ছিল ওই ব্যক্তি। খবর পেয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়। তার বাসা গেন্ডারিয়া এলাকায়। আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তানে রাস্তা পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম শিক্ষার্থী নাঈম হাসান (১৮) হাসান নিহত হন।
অন্য দিকে, গত ২৫ নভেম্বর রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উল্টো দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির চাপায় প্রাণ হারালেন আহসান কবির খান। কবির খান দৈনিক সংবাদের কম্পিউটার বিভাগে কর্মরত ছিলেন। তিনি প্রথম আলোর সাবেক কর্মীও।